চিত্রনায়িকা বনশ্রী মারা গেছেন

স্টার অনলাইন রিপোর্ট

নব্বই দশকের চিত্রনায়িকা বনশ্রী (৫২) মারা গেছেন। আজ মঙ্গলবার ভোরে মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য সনি রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'বনশ্রী আপার ভাইয়ের মাধ্যমে জানতে পেরেছি তিনি গত পাঁচদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার হৃদরোগ, কিডনির সমস্যাসহ একাধিক শারীরিক জটিলতা ছিল।'

তিনি বলেন, 'মারা যাওয়ার আগে বনশ্রী আপা অনেক কষ্ট করেছেন। তিনি এক সন্তান রেখে গেছেন।'

বনশ্রী অভিনীত আলোচিত সিনেমা 'সোহরাব রুস্তম'। সিনেমাটি ১৯৯৪ সালে মুক্তি পায়। সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন নায়ক ইলিয়াস কাঞ্চন।

এ ছাড়া, 'মহা ভূমিকম্প', 'ভাগ্যের পরিহাস', 'নেশা' সিনেমায় অভিনয় করেছেন তিনি।