চট্টগ্রামে গ্যাস না পেয়ে সিএনজিচালকদের সড়ক অবরোধ

নিজস্ব সংবাদদাতা, চট্টগ্রাম

চট্টগ্রামে গ্যাস না পেয়ে সড়ক অবরোধ করেছেন সিএনজিচালিত অটোরিকশার চালকেরা। আজ সকালে তারা ষোলশহরে একটি প্রধান সড়ক অবরোধ করেন।

চালকদের অবরোধে সকাল ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত মুরাদপুর থেকে ষোলশহর ২ নম্বর গেট পর্যন্ত যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ ছিল।

এতে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন এবং সড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

চালকেরা জানান, তারা কাছেই অবস্থিত ফসিল ফিলিং স্টেশনের সামনে সারারাত দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও গ্যাস পাননি।

সড়ক অবরোধকারীদের মধ্য থেকে চালক জামাল উদ্দিন বলেন, আমি ১৮ ঘণ্টার বেশি সময় ধরে লাইনে অপেক্ষা করছি। গ্যাস ছাড়া আমি গাড়ি চালাতে পারছি না, আর পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার মতো অর্থও আয় করতে পারছি না।

জাকের হোসেন নামে আরেক চালক জানান, তিনি গত দুই দিন ধরে কর্মহীন। তিনি বলেন, আমরা খুব মানবেতর জীবনযাপন করছি। এর মধ্যেও আমাদের প্রতিদিনের গাড়ির জমা (ভাড়া) দিতে হচ্ছে। এর সঙ্গে পরিবারের খরচ আছে।

ফসিল ফিলিং স্টেশনের একজন কর্মকর্তা জানান, কেন্দ্রীয় সরবরাহ পুরোপুরি বন্ধ থাকায় তারা গ্যাস দিতে পারছেন না।

সড়ক অবরোধের খবর পেয়ে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান এবং রাস্তা সচল করার চেষ্টা করেন।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং যান চলাচল স্বাভাবিক করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তিনি বলেন, আমরা পরিস্থিতি বুঝিয়ে বলার পর চালকেরা রাস্তা ছেড়ে দিতে রাজি হন। বর্তমানে এই সড়কে যানবাহন চলাচল শুরু হয়েছে।