এলপিজির দাম ২৬৬ টাকা বাড়ার পর এবার কমল ৭৬ টাকা

স্টার অনলাইন রিপোর্ট

দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমেছে। এখন ১২ কেজির এলপিজি সিলিন্ডার কিনতে ১ হাজার ৪২২ টাকা লাগবে। নতুন হিসাবে ১২ কেজির সিলিন্ডারের দাম কমেছে ৭৬ টাকা।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) জানিয়েছে, আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে নতুন দাম কার্যকর হবে।

এর আগে গত ২ ফেব্রুয়ারি ১২ কেজির সিলিন্ডারের দাম ২৬৬ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৯৮ টাকা করা হয়েছিল। আর ২ জানুয়ারি একই সিলিন্ডারের দাম কমানো হয়েছিল ৬৫ টাকা। ডিসেম্বরে এই গ্যাসের দাম ৪৬ টাকা বাড়িয়ে করা হয়েছিল ১ হাজার ২৯৭ টাকা।

তবে সরকারি কোম্পানির সরবরাহ করা এলপিজির দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

এলপিজি তৈরির মূল উপাদান প্রোপেন ও বিউটেন আমদানি করে বাংলাদেশ। সৌদি আরবের প্রতিষ্ঠান আরামকো এর দাম নির্ধারণ করে। একে ভিত্তি করে দেশে এলপিজির দাম সমন্বয় করে বিইআরসি।

বিইআরসি জানায়, গাড়িতে ব্যবহৃত এলপিজির (অটো গ্যাস) নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৬৬ টাকা ২২ পয়সা, যা এত দিন ৭০ টাকা ছিল।