রাঙ্গামাটিতে বয়স্ক পুরুষ হাতির মৃত্যু, পাশে দাঁড়িয়ে সঙ্গী
রাঙ্গামাটির লংগদু উপজেলা উপজেলায় প্রায় ৬০ বছর বয়সী এক পুরুষ হাতির মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে উপজেলার ভাসান্যাদম এলাকায় হাতিটির মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন কাছালংমুখ বনশুল্ক ও পরীক্ষণ ফাঁড়ি স্টেশন কর্মকর্তা মো. আবদুল কাইয়ুম নিয়াজী।
বন বিভাগ জানায়, ওই হাতির শরীরে দীর্ঘদিন ধরে কিছু ক্ষতচিহ্ন ছিল এবং সেটি দুর্বল ছিল। বেশ কয়েক দফায় হাতিকে চিকিৎসাও দেওয়া হয়েছিল। হাতিটির বয়স প্রায় ৬০ বছর।
এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্য জয়নাল দ্য ডেইলি স্টারকে বলেন, সকালে আমি হাতিটির অবস্থা দেখতে গিয়ে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত বন বিভাগকে খবর দিই।
তিনি বলেন, মৃত হাতিটির পাশে যাওয়া যাচ্ছে না। পাশে একটি সঙ্গী দাঁড়িয়ে আছে। সেটি লোকজন দেখলে তেড়ে আসে।
কাছালংমুখ বন শুল্ক ও পরীক্ষণ ফাঁড়ি স্টেশন কর্মকর্তা মো. আবদুল কাইয়ুম নিয়াজী দ্য ডেইলি স্টারকে বলেন, সকালে এলিফ্যান্ট রেসপন্স টিমের এক সদস্য হাতিটি মৃত অবস্থায় দেখতে পেয়ে আমাদের খবর দেন।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে, আজ রাতে হাতিটি মারা গেছে। মৃত হাতিটি পুরুষ। বয়স প্রায় ৬০ বছর। এটি ওই এলাকায় সবচেয়ে বড় বয়স্ক পুরুষ হাতি ছিল। পুরুষ হাতিটির সঙ্গে সবসময় একটি সঙ্গী থাকতো। এখনো মরদেহের পাশে সেই হাতিটি রয়েছে।
তিনি আরও বলেন, হাতিটি অসুস্থ ছিল। শরীরে দীর্ঘদিন ধরে বিভিন্ন ক্ষতচিহ্ন ছিল। এ ছাড়া হাতিটি শারিরীকভাবে দুর্বল ছিল। বেশ কয়েক দফায় চিকিৎসাও দেওয়া হয়েছিল। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি হাতিটিকে চিকিৎসা দিয়ে সুস্থ করতে। মরদেহ উদ্ধার করতে পারলে ময়নাতদন্ত করা হবে।