সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বিপন্ন মুখপোড়া হনুমানের
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে যাওয়া ভানুগাছ-শ্রীমঙ্গল সড়কে গাড়ির ধাক্কায় বিপন্ন প্রজাতির একটি ‘মুখপোড়া হনুমানের’ মৃত্যু হয়েছে। শুক্রবার সড়কে প্রাণীটিকে মৃত অবস্থায় পাওয়া যায়।
স্থানীয়রা জানান, গতকাল শুক্রবার বিকালের পর কোনো একসময় উদ্যানের মাগুরছড়া গ্যাসফিল্ড এলাকায় রাস্তা পার হওয়ার সময় গাড়িচাপায় প্রাণীটি মারা যায় বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনাস্থলটি নির্জন হওয়ায় ঘটনাটি তাৎক্ষণিকভাবে কারও নজরে আসেনি।
লাউয়াছড়ার বাসিন্দা সাজু মারছিয়াং জানান, বিকেল ৫টার দিকে একজন আলোকচিত্রী মোটরসাইকেলে করে শ্রীমঙ্গলে যাওয়ার পথে সড়কের পাশে হনুমানটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তিনি বিষয়টি বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে জানান। বন বিভাগের কর্মীরা ঘটনাস্থল থেকে মৃত প্রাণীটি উদ্ধার করে জানকিছড়া উদ্ধারকেন্দ্রে নিয়ে যান।
ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) লাল তালিকায় মুখপোড়া হনুমান বিপন্ন প্রজাতি হিসেবে অন্তর্ভুক্ত।
বন বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা শেখ নজমুল আজ শনিবার জানান, মৃত হনুমানটির ময়নাতদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যাবে। এরপর বন বিভাগের নিয়ম অনুযায়ী সেটিকে মাটিচাপা দেওয়া হবে।
লাউয়াছড়া পিপলস ফোরামের সাধারণ সম্পাদক শামসুল হক বলেন, ‘জাতীয় উদ্যানের ভেতর দিয়ে যাওয়া সড়কে যানবাহনের অতিরিক্ত গতি বন্য প্রাণীদের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। প্রায়ই সড়ক দুর্ঘটনায় বিভিন্ন প্রাণী মারা যাচ্ছে। এ ধরনের ঘটনা রোধে গতিসীমা কঠোরভাবে কার্যকর, গতিরোধক (স্পিডব্রেকার) ও সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন করা এবং নিয়মিত নজরদারি জরুরি।’