বাড়তে পারে তাপমাত্রা, বৃষ্টিপাত বাড়বে কবে?
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আজ সোমবার তাপমাত্রা বাড়তে পারে। আগামীকাল মঙ্গলবারও তাপমাত্রা বৃদ্ধির এই ধারা অব্যাহত থাকতে পারে। পূর্বাভাসে এমনটি জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পুর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রাজশাহী, রংপুর ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।
এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙামাটিতে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ।
মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তরের ২০২৬ সালের এপ্রিলের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছিল, এই মাসে দেশে দুই-থেকে চারটি মৃদু অথবা মাঝারি এবং এক থেকে দুইটি তীব্র তাপপ্রবাহ হয়ে যেতে পারে। পাশাপাশি বঙ্গোপসাগরে এক থেকে দুইটি লঘুচাপ সৃষ্টি হতে পারে যার মধ্যে একটি নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
আজ ও আগামীকাল তাপমাত্রা কেমন বাড়বে জানতে চাইলে আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির দ্য ডেইলি স্টারকে বলেন, সামান্য বাড়তে পারে। এক থেকে দুই ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে এলাকা বিশেষে। ঢাকায় এক ডিগ্রির মতো ওঠানামা করতে পারে। গতকাল ৩৫ দশমিক ৫ ছিল সর্বোচ্চ, আজ হয়তো ৩৬ বা ৩৬ এর কাছাকাছি যেতে পারে।
আবহাওয়া পূর্বাভাসে যে তাপমাত্রার কথা বলা হয়, তার চেয়ে বেশি গরম কেন লাগে, জানতে চাইলে তিনি বলেন, বাতাসে ময়েশ্চার বা আর্দ্রতার পরিমাণ বেশি থাকার কারণে শরীর ঘামে, ঘামটা শুকায় না সহজে। এজন্য অস্বস্তি লাগে।
তাপপ্রবাহ নিয়ে তিনি বলেন, বিক্ষিপ্তভাবে তাপপ্রবাহ আসতে পারে। তবে যেহেতু বাতাস আছে, সেই বাতাসের কারণে গরমটা তত বেশি বাড়তে পারছে না। গত বছরের এই সময় কিন্তু রাজশাহীতে একটানা প্রায় ২১ দিন তাপপ্রবাহ ছিল। কিন্তু এ বছর এটা থাকছে না। তুলনামূলকভাবে তাপপ্রবাহ কম।
ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নিয়ে তিনি বলেন, আজ, কাল, পরশু বিক্ষিপ্তভাবে দুই এক জায়গায় খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তবে ২৬-২৭ তারিখের দিকে বৃষ্টিপাতের পরিমাণ একটু বাড়তে পারে।
দীর্ঘমেয়াদি পূর্বাভাসে যে ঘূর্ণিঝড়ের কথা বলা হয়েছে, সেই বিষয়ে জানতে চাইলে এই আবহাওয়াবিদ বলেন, বঙ্গোপসাগরে একটা ঘূর্ণিঝড় বা নিম্নচাপ তৈরি হতে পারে মাসের শেষের দিকে, একেবারে শেষের দিকে। সেই ঘূর্ণিঝড় নিয়ে এখনই কিছু বলার সময় আসেনি বলে জানান তিনি।