আবহাওয়ার কারণে কি আবেগ বদলে যেতে পারে?

স্মৃতি মন্ডল
স্মৃতি মন্ডল

বর্ষার মেঘলা দিন, শরতের ঝকঝকে নীল আকাশ কিংবা কুয়াশাভেজা শীতের সকাল—প্রকৃতি তার রূপ বদলায় নিজস্ব ছন্দে। সেই ছন্দ দোলা দিয়ে যায় মানুষের মনেও।

আবহাওয়া ও মানুষের আবেগের মধ্যকার সম্পর্ক নিয়ে কথা বলেছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক পরিচালক, কথাসাহিত্যিক এবং মনোশিক্ষাবিদ অধ্যাপক ডা. মোহিত কামাল

আবহাওয়া ও আবেগের সম্পর্ক

আবহাওয়ার সঙ্গে আবেগের সম্পর্ক রয়েছে কি না, জানতে চাইলে অধ্যাপক ডা. মোহিত কামাল বলেন, আবহাওয়ার সঙ্গে মানুষের আবেগ ও মনের অবস্থার সম্পর্ক রয়েছে। মস্তিষ্ক দিয়ে তো বটেই, শরীরের মাধ্যমেও পরিবেশের সঙ্গে পুরো মানুষটি যুক্ত।

আলো, তাপমাত্রা, আর্দ্রতা, বৃষ্টি, বাতাস আমাদের ঘুম, শারীরিক স্বস্তি, কর্মশক্তি, মেজাজ বা আবেগের অবস্থান প্রভাবিত করতে পারে। তবে এই প্রভাব সবার ক্ষেত্রে একই রকম নয়। ব্যক্তির বয়স, শারীরিক অবস্থা, ব্যক্তিত্ব, অভিজ্ঞতা ও মানসিক স্বাস্থ্যের ওপরও বিষয়টা নির্ভর করে।

দ্বীপের মানুষ একরকমভাবে অনুভব করবে, আর শহুরে মানুষ আরেকরকমভাবে। খেটে খাওয়া দিনমজুররা একরকমভাবে অনুভব করবে, আর আরাম আয়েশে থাকা মানুষজন অন্যভাবে।

আবহাওয়া বা ঋতু পরিবর্তনের সঙ্গে কি আবেগও বদলায়?

আবহাওয়া বা ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে আবেগও বদলাতে পারে। এর পেছনে একদিকে আছে শরীরের জৈবিক ছন্দ, অন্যদিকে পরিবেশ ও ব্যক্তিগত অভিজ্ঞতা, মানুষের নিজস্ব মানিয়ে নেওয়ার ক্ষমতা ও প্রতিরক্ষা-কৌশল; ডিফেন্স মেকানিজম বা দৈহিক ও মানসিক প্রতিরক্ষা ব্যুহ।

বিশেষ করে সূর্যালোকের পরিমাণ আমাদের ঘুম ও জাগরণের ছন্দ এবং কিছু হরমোন-নির্ভর প্রক্রিয়ায় প্রভাব ফেলে। আবার ঋতুর সঙ্গে মানুষের স্মৃতি ও সংস্কৃতিও জড়িয়ে থাকে। কারও কাছে বর্ষাকাল আনন্দের, কারও মনে বিষণ্নতার স্মৃতি জাগাতে পারে। শীত কারও কাছে উৎসব ও আনন্দের, আবার কারও কাছে একাকীত্বের অনুভূতি তৈরি করতে পারে।

অর্থাৎ আবহাওয়া শুধু শরীরকে নয়, স্মৃতিকেও স্পর্শ করে।

কোন আবহাওয়ায় আবেগ কেমন থাকতে পারে?

এখানে কোনো নির্দিষ্ট সূত্র সবার জন্য প্রযোজ্য নয়—

  • সাধারণভাবে উজ্জ্বল, মৃদু ও আরামদায়ক আবহাওয়া অনেকের মধ্যে প্রফুল্লতা ও কর্মশক্তি বাড়াতে পারে।

  • অতিরিক্ত গরম ও আর্দ্রতা অস্বস্তি, বিরক্তি ও ক্লান্তি বাড়াতে পারে।

  • দীর্ঘসময় মেঘলা বা কম আলোযুক্ত পরিবেশ কিছু মানুষের মধ্যে মনমরা ভাব ও উদ্যমহীনতা তৈরি করতে পারে।

  • বৃষ্টি কারও মধ্যে প্রশান্তি ও রোমান্টিক অনুভূতি তৈরি করে, আবার কারও মধ্যে বিষণ্নতা বা একাকীত্ব বাড়াতে পারে।

  • শীতল আবহাওয়া কারও কাছে স্বস্তিদায়ক হলেও কারও ক্ষেত্রে ঘরের মধ্যে দীর্ঘসময় অবস্থান করার কারণে সামাজিক বিচ্ছিন্নতা বাড়াতে পারে।

তাই আবহাওয়া আবেগকে প্রভাবিত করতে পারে, কিন্তু আবেগের একমাত্র নিয়ন্ত্রক নয়।

আবহাওয়ার প্রভাব মোকাবিলায় করণীয় কী?

প্রথমত বুঝতে হবে মেজাজের সাময়িক পরিবর্তন সবসময় মানসিক রোগের লক্ষণ নয়। আবহাওয়া খারাপ থাকলে বা ঋতু পরিবর্তনের সময় নিজের দৈনন্দিন রুটিন যতটা সম্ভব ঠিক রাখা গুরুত্বপূর্ণ।

পর্যাপ্ত ঘুম, নিয়মিত শারীরিক পরিশ্রম, স্বাস্থ্যকর খাবার, দিনের আলোতে কিছুটা সময় থাকা এবং পরিবার-বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখা উপকারী।

যোগচর্চা বা ইয়োগা করা বা হাঁটা প্রতিকূল আবহাওয়ায় শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। মনের দৃঢ়তাও।

সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজের মনের পরিবর্তনকে লক্ষ্য করা। যদি দীর্ঘদিন ধরে বিষণ্নতা, আগ্রহহীনতা, ঘুম বা ক্ষুধার বড় পরিবর্তন, অতিরিক্ত উদ্বেগ কিংবা দৈনন্দিন কাজকর্মে সমস্যা দেখা দেয়, তাহলে বিষয়টাকে শুধু আবহাওয়ার ওপর দায়ী না করে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।

ঋতুভেদে মানসিক স্বাস্থ্যের পরিবর্তন কি কখনো রোগের পর্যায়ে যেতে পারে?

অধ্যাপক ডা. মোহিত কামাল বলেন, কিছু মানুষের ক্ষেত্রে ঋতু পরিবর্তনের সঙ্গে বিষণ্নতার উপসর্গ নিয়মিতভাবে দেখা দিতে পারে। একে সিজনাল অ্যাফেক্টিভ ডিসঅর্ডার (এসএডি) বলা হয়। তবে সাধারণ মন খারাপ বা আবহাওয়ার কারণে সাময়িক মেজাজ পরিবর্তনকে এসএডি বলা যাবে না। রোগ নির্ণয়ের জন্য উপসর্গের স্থায়িত্ব, তীব্রতা ও পুনরাবৃত্তির ধরন বিবেচনা করতে হয়।

আবহাওয়ার প্রভাব কি শুধু নেতিবাচক?

একেবারেই নয়। প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক অনেক সময় ইতিবাচক আবেগ তৈরি করে। বৃষ্টির শব্দ, শীতের সকাল, শরতের আকাশসহ বসন্তের বাতাস মানুষের মধ্যে প্রশান্তি, সৌন্দর্যবোধ, স্মৃতি ও সৃজনশীলতার অনুভূতি জাগাতে পারে।

বিশেষ করে সাহিত্য ও শিল্পে প্রকৃতি মানুষের আবেগ প্রকাশের শক্তিশালী মাধ্যম। তাই আবহাওয়া শুধু মনের ওপর প্রভাব ফেলে না, মানুষ তার নিজের আবেগও আবহাওয়ার মধ্যে খুঁজে নেয়।

আবহাওয়া নাকি মানুষের মানসিক গঠন—কোনটি বেশি গুরুত্বপূর্ণ? এ বিষয়ে অধ্যাপক ডা. মোহিত কামাল বলেন, দুটিই গুরুত্বপূর্ণ। তবে মানুষের ব্যক্তিগত ও মানসিক বৈশিষ্ট্যকে বাদ দিয়ে আবহাওয়ার প্রভাব বোঝা যাবে না। একই বৃষ্টি একজনকে আনন্দিত করতে পারে, অন্যজনকে বিষণ্ন করতে পারে। তাই বলা যায়, আবহাওয়া আমাদের আবেগকে প্রভাবিত করে, কিন্তু আবেগের সম্পূর্ণ নিয়ন্ত্রক নয়।

মানুষের মস্তিষ্ক, শরীর, ব্যক্তিগত অভিজ্ঞতা, সামাজিক পরিবেশসহ আবহাওয়া মিলেই তার মনের অবস্থাকে তৈরি করে।