সারা দেশে বৃষ্টির সম্ভাবনা, গরম কমবে
দেশের অধিকাংশ জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কোথাও কোথাও হতে পারে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি।
বৃষ্টির প্রভাবে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে আজ সোমবার সকালে অধিদপ্তর জানিয়েছে।
পূর্বাভাস অনুসারে, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এছাড়া রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের নদী অববাহিকায় বয়ে যেতে পারে ঝড়ো হাওয়া।
দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে আসা বাতাসের গতি হতে পারে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার। সেই সঙ্গে হতে পারে বজ্রসহ বৃষ্টি।
এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাস আরও বলছে, সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে মঙ্গলবার সকাল ৯টা মধ্যে রংপুর বিভাগের কোথাও কোথাও ভারী (২৪ ঘণ্টায় ৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (২৪ ঘণ্টায় ৪৪-৮৮ মিলিমিটারের বেশি) বর্ষণ হতে পারে।
ঢাকা, টাঙ্গাইল, রাজশাহী, পাবনা, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বৃষ্টির প্রভাবে কিছু কিছু জায়গা থেকে তাপপ্রবাহ প্রশমিত হতে পারে বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির।