হামের উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম সন্দেহে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৮৮ জনে।
আজ বুধবারের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।
নতুন করে মারা যাওয়া ১০ জনের বেশিরভাগই শিশু বলে অধিদপ্তর সূত্র জানিয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে ৬ জন, রাজশাহী বিভাগে ৩ জন ও খুলনা বিভাগে ১ জন মারা গেছে।
এছাড়া, ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ২৪৮ জন হামে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে অধিদ[প্তর।
nid="3911681"
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহভাজন হাম আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ১৩৩ জনে।
তবে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এখন পর্যন্ত ল্যাবরেটরি পরীক্ষায় নিশ্চিত হামজনিত মৃত্যুর সংখ্যা ২১ ও নিশ্চিত আক্রান্তের সংখ্যা ১ হাজার ৫৯৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, সন্দেহভাজন রোগীদের নমুনা ঢাকার রেফারেন্স ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়, যা বেশ সময়সাপেক্ষ।
নিয়ম অনুযায়ী, প্রাথমিকভাবে সন্দেহভাজনদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয় এবং পরীক্ষার ফলাফল আসার পর নিশ্চিত তালিকা হালনাগাদ করা হয়।
এ কারণে সন্দেহভাজন ও নিশ্চিত আক্রান্তের সংখ্যার মধ্যে পার্থক্য দেখা যাচ্ছে।
কর্মকর্তারা জানান, হামের প্রধান লক্ষণ শরীরে র্যাশ বা লালচে দানা ও জ্বর, যা আরও বেশ কিছু রোগের ক্ষেত্রেও দেখা যায়। ফলে সন্দেহভাজন সব রোগীই শেষ পর্যন্ত হাম আক্রান্ত হিসেবে শনাক্ত হন না। এ কারণেও সন্দেহভাজন ও নিশ্চিত মৃত্যুর পরিসংখ্যানের মধ্যে পার্থক্য তৈরি হচ্ছে।
