সরকারি হাসপাতালের বহির্বিভাগে রোগী সেবা বাড়াতে সন্ধ্যাকালীন শিফট চালুর চিন্তা

স্টার অনলাইন রিপোর্ট

সরকারি হাসপাতালগুলোর সুযোগ-সুবিধার সর্বোত্তম ব্যবহার এবং রোগীদের আরও বেশি সেবা দিতে অতিরিক্ত একটি সন্ধ্যাকালীন শিফট চালুর বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

আজ বুধবার রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় নাক, কান ও গলা (ইএনটি) ইনস্টিটিউট ও হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

হাসপাতাল ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ এবং ১৩৫ থেকে বাড়িয়ে ২৫০ শয্যায় উন্নীত করা উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আরও একটি শিফট বিকেল বা সন্ধ্যায় চালু করা যায় কি না, সে বিষয়ে আমি দুএক দিনের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করব।’

‘নতুন চিকিৎসক ও নার্স নিয়োগ এবং আরও বেশি সংখ্যক টেকনোলজিস্ট নিয়োগ দেওয়া হলে সন্ধ্যাকালীন শিফট চালুর মাধ্যমে আমরা জনগণকে আরও ভালো সেবা দিতে পারবো,’ বলেন তিনি।

সরকারি হাসপাতালগুলোতে সাধারণত সকাল থেকে দুপুর পর্যন্ত এক শিফটে বহির্বিভাগের সেবা দেওয়া হয়। ফলে নির্ধারিত সময়ের পর অনেক রোগী সেবা থেকে বঞ্চিত হন।

যদিও সন্ধ্যাকালীন শিফট চালুর বিষয়ে বছরের পর বছর ধরে আলোচনা হয়েছে। তবে তাতে কোনো ফল হয়নি।

সাখাওয়াত জানান, হাসপাতালটির আরও সম্প্রসারণ এবং ইএনটি সংক্রান্ত ক্যানসার চিকিৎসায় একটি বিশেষায়িত ইউনিট স্থাপনে সরকার পদক্ষেপ নেবে।