সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন চলছে

স্টার অনলাইন রিপোর্ট

সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন চলছে। স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন আজ রোববার রাজধানীর শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন।

সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে। সারা দেশে প্রায় এক লাখ ২০ হাজার স্থায়ী কেন্দ্র এবং ৫০০টি ভ্রাম্যমাণ কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কথা রয়েছে।

এই ক্যাম্পেইনের অধীনে ছয় মাস থেকে পাঁচ বছরের কম বয়সী প্রায় দুই কোটি ৪০ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন, এই ক্যাম্পেইনের উদ্দেশ্য শিশুদের পুষ্টি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। এতে কোনো ঘাটতি থাকলে শিশুদের অপুষ্টির ঝুঁকি বেড়ে যায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যায়, যার ফলে হামের মতো রোগ আরও মারাত্মক আকার ধারণ করতে পারে।

কর্মকর্তারা জানান, বছরে দুই বার এই ক্যাম্পেইন আয়োজনের কথা রয়েছে। তবে সর্বশেষ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছিল গত বছরের মার্চ মাসে।

ক্যাম্পেইন স্থগিত থাকার কারণ হিসেবে তারা উল্লেখ করেন—এতে অর্থায়নকারী সেক্টরাল প্রোগ্রামের মেয়াদ শেষ হয়ে যাওয়া, অন্তর্বর্তী সরকারের সময় বিকল্প অর্থায়নের অভাব এবং দরপত্র প্রক্রিয়ার মাধ্যমে ক্যাপসুল সংগ্রহে তৈরি হওয়া জটিলতা।

এই কর্মসূচির নেতৃত্বদানকারী প্রতিষ্ঠান জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের (আইপিএইচএন) পরিচালক মোহাম্মদ ইউনুস আলী এর আগে দ্য ডেইলি স্টারকে জানিয়েছিলেন, উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ক্যাপসুল সংগ্রহের তিনটি প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর সরকার ইউনিসেফের মাধ্যমে সেগুলো সংগ্রহ করেছে।

তিনি আরও জানান, পরবর্তী ক্যাম্পেইন আগামী চার থেকে ছয় মাসের মধ্যে অনুষ্ঠিত হবে।