যুদ্ধবিরতি আলোচনা

ইরান ইস্যুতে সৌদি যুবরাজের সঙ্গে ‘ঘনিষ্ঠ যোগাযোগে’ মাখোঁ

স্টার অনলাইন ডেস্ক

ইরানকে কেন্দ্র করে চলমান যুদ্ধবিরতি আলোচনা নিয়ে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ‘ঘনিষ্ঠ যোগাযোগ’ রাখছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ।

আজ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া মাখোঁর পোস্টের বরাতে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন এ তথ্য জানিয়েছে।  

এক্সে মাখোঁ লিখেছেন, ‘যুদ্ধবিরতির প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছি আমি, যা পুরোপুরি মেনে চলা এবং দেরি না করে লেবাননেও তা কার্যকর করা জরুরি।’

পোস্টে তিনি আরও বলেন, ‘হরমুজ প্রণালিতে দ্রুত পূর্ণাঙ্গ, অবাধ ও নিরাপদ নৌ চলাচলের প্রয়োজনীয়তা নিয়েও আমরা আলোচনা করেছি।’

প্রতিবেদনে বলা হয়, ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা শুরুর প্রেক্ষাপটে উত্তেজনা কমানো, নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা এবং মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছেন দুই নেতা।