মার্কিন অবরোধ চললে হরমুজ প্রণালি খোলা থাকবে না: ইরান

স্টার অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালি আর খোলা থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেছেন, এই প্রণালি দিয়ে জাহাজ চলাচলের বিষয়টি এখন পুরোপুরি ইরানের অনুমতির ওপর নির্ভর করছে।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক্স (সাবেক টুইটার) বার্তার জবাব দিতে গিয়ে আজ এই মন্তব্য করেন গালিবাফ। তিনি পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে অনুষ্ঠিত আলোচনায় ইরানের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ বলেন, ‘মার্কিন অবরোধ চলতে থাকলে হরমুজ প্রণালি আর খোলা থাকবে না।’ তিনি ট্রাম্পের সমালোচনা করে বলেন, ‘ট্রাম্প এক ঘণ্টার মধ্যে এক্সে সাতটি দাবি করেছেন এবং তার প্রত্যেকটি ছিল সম্পূর্ণ মিথ্যা। তারা যুদ্ধে জিততে পারেনি এবং এসব মিথ্যা কথা বলে আলোচনাতেও কোনো ফায়দা করতে পারবে না।’

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক্সে দেওয়া এক পোস্টে ইংরেজিতে লিখেছিলেন, ‘যুদ্ধবিরতির বাকি দিনগুলোতে হরমুজ প্রণালি সব ধরনের বাণিজ্যিক জাহাজের জন্য সম্পূর্ণ খোলা থাকবে।’

আরাগচির এই মন্তব্য নিয়ে ইরানের কট্টরপন্থী ও কিছু গণমাধ্যম তীব্র সমালোচনা করেছে। তারা পররাষ্ট্রমন্ত্রীর কাছে এই বক্তব্যের ব্যাখ্যা দাবি করেন।

বিষয়টি পরিষ্কার করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেন, ‘হরমুজ প্রণালি খোলা থাকবে নাকি বন্ধ থাকবে, তা মাঠপর্যায়ের বাস্তবতার ভিত্তিতে নির্ধারিত হবে; সামাজিক যোগাযোগমাধ্যমের কথায় নয়।’

মার্কিন প্রোপাগান্ডার সমালোচনা করে গালিবাফ বলেন, ‘গণমাধ্যম ও জনমত গঠন করা আধুনিক যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ অংশ। তবে ইরানিরা কখনোই শত্রুদের এসব কৌশলে বিভ্রান্ত হবে না।’