ইসরায়েলে যুদ্ধবিরোধী বিক্ষোভ

‘নেতানিয়াহু আমাদের সমাজকে ভেতর থেকে ধ্বংস করে দিচ্ছেন’

স্টার অনলাইন ডেস্ক

ইসরায়েলের তেল আবিবে শনিবার রাতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। এসময় চলমান যুদ্ধ, নিরাপত্তা ব্যর্থতা এবং রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা।

বিক্ষোভে অংশ নেওয়া রাফায়েল পনিনা বার্তা সংস্থা এএফপিকে বলেন, তিনি প্রতি সপ্তাহেই এই সমাবেশে যোগ দিচ্ছেন। তার অভিযোগ, নেতানিয়াহু ‘তাদের সমাজকে ভেতর থেকে ধ্বংস করে দিচ্ছেন’ এবং একইসঙ্গে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের সম্পর্কও ক্ষতিগ্রস্ত করছেন।

ছবি: এএফপি

তিনি বলেন, ‘এখানে আসা মানুষজন বর্তমান সরকার এবং পরবর্তী সরকার—উভয়ের কাছেই ৭ অক্টোবর কী ঘটেছিল এবং তার পরবর্তী ঘটনাগুলোর তদন্ত দাবি করছে। কারণ আমরা সবাই এর উত্তর পাওয়ার অধিকার রাখি।’

আরেক বিক্ষোভকারী ও সমাজকর্মী লি হফম্যান-আগিভ বলেন, ‘আমি আজ এখানে এসেছি প্রথমত ৭ অক্টোবর এবং এরপর চলমান যুদ্ধে যারা তাদের প্রিয়জন হারিয়েছেন, সেই পরিবারগুলোর প্রতি সংহতি জানাতে।’

ছবি: এএফপি

তিনি আরও বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী যে অন্তহীন যুদ্ধ চালিয়ে যাচ্ছেন, তার কারণে এই ক্ষয়ক্ষতি বাড়ছেই।’

বিক্ষোভে অংশ নেওয়া চেইম ট্রিভ্যাক্সের অভিযোগ, লেবানন ও ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে ইসরায়েল ভুল করেছে। তার ভাষায়, নেতানিয়াহু ‘দেশের জন্য নয়, বরং নিজের আইনি জটিলতা এড়াতেই এসব পদক্ষেপ নিচ্ছেন।’

ছবি: এএফপি

বিশ্লেষকদের মতে, চলমান যুদ্ধ ও অভ্যন্তরীণ রাজনৈতিক চাপের কারণে ইসরায়েলে জনঅসন্তোষ বাড়ছে, যা সরকারের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে।