আজ রাতেই ইসলামাবাদ যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি

স্টার অনলাইন ডেস্ক

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি আজ শুক্রবার রাতেই পাকিস্তানে পৌঁছাবেন।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএর বরাতে এ তথ্য জানিয়েছে এএফপি।

আইআরএনএ জানায়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার সন্ধ্যায় আঞ্চলিক সফর শুরু করবেন। সফরে তিনি ইসলামাবাদ, মাস্কাট ও মস্কো যাবেন।

পাকিস্তানের এক কর্মকর্তার বরাত দিয়ে আইআরএনএ এ সংবাদ প্রকাশ করে।

প্রতিবেদনে বলা হয়, ‘এ সফরের উদ্দেশ্য দ্বিপাক্ষিক বিষয়গুলো নিয়ে পরামর্শ করা, অঞ্চলের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা ও ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপিয়ে দেওয়া যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা করা।’

পাকিস্তান সরকারের দুটি সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, আরাঘচির এই সফর যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা পুনরায় শুরুর ইঙ্গিত হতে পারে। যদিও এটি এখনো নিশ্চিত নয়। কেননা ইরানে পক্ষ থেকে এ সংক্রান্ত কোনো ইঙ্গিত দেওয়া হয়নি।

এ বিষয়ে ওয়াশিংটনের কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। সম্ভাব্য শান্তি আলোচনার জন্য একটি মার্কিন লজিস্টিক ও নিরাপত্তা দল ইতোমধ্যে প্রস্তুত ছিল।

তবে প্রায় একই সময়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এক ব্রিফিংয়ে বলেন, ‘ইরানের সামনে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি “ভালো চুক্তি” করার সুযোগ রয়েছে।’

গত মঙ্গলবার আরেক দফায় ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা হওয়ার কথা থাকলে সেটি বাস্তবে রূপ নেয়নি।

সেসময় ইরান জানিয়েছিল, তারা এখনো আলোচনায় অংশগ্রহণের বিষয়ে প্রতিশ্রুতি দিতে প্রস্তুত নয়।

পাশাপাশি যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বাধীন মার্কিন প্রতিনিধিদলও ওয়াশিংটন ছাড়েননি।

এর মধ্যেই দুদেশের মধ্যকার যুদ্ধ বিরতির মেয়াদ একতরফাভাবে দুই সপ্তাহ বৃদ্ধি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ধারণা করা হচ্ছে, শান্তি আলোচনা বাস্তবে রূপ দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।