সাংবাদিকদের সঙ্গে নৈশভোজে গুলির শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

স্টার অনলাইন ডেস্ক

সাংবাদিকদের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজ চলাকালে এক সশস্ত্র ব্যক্তি নিরাপত্তা বলয় ভাঙার চেষ্টা করেন।

এ সময় সিক্রেট সার্ভিস এজেন্টরা তড়িঘড়ি করে ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে সেখান থেকে সরিয়ে নিয়ে যান।

গতকাল শনিবার ওয়াশিংটন হিলটন হোটেলে আয়োজিত হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজে এই ঘটনা ঘটে। 

এফবিআইয়ের একজন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, শটগান হাতে এক ব্যক্তি সিক্রেট সার্ভিসের এক এজেন্টের ওপর গুলি চালান। গুলিটি এজেন্টের গায়ের সুরক্ষা বর্মের ওপর লাগায় তার কোনো ক্ষতি হয়নি।

অনুষ্ঠান থেকে সরিয়ে নেওয়ার প্রায় এক ঘণ্টা পর ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে জানান, ওই বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয়েছে।

ট্রাম্প আরও লেখেন, ওয়াশিংটন ডিসিতে এক নাটকীয় সন্ধ্যা কাটল। সিক্রেট সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চমৎকার কাজ করেছে।

এর কিছুক্ষণ পরেই তিনি আরেকটি পোস্টে জানান, ফার্স্ট লেডি, ভাইস প্রেসিডেন্ট এবং মন্ত্রিসভার সব সদস্য সম্পূর্ণ সুস্থ ও নিরাপদে আছেন।

তিনি আরও জানান, শনিবার রাতেই তিনি হোয়াইট হাউসে একটি সংবাদ সম্মেলন করবেন।

সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্থনি গুগলিয়েলমি জানিয়েছেন, অনুষ্ঠানের প্রবেশপথের মূল তল্লাশি এলাকার (স্ক্রিনিং এরিয়া) কাছে গুলি চালানোর একটি ঘটনা তদন্ত করছেন তারা।

গুলির শব্দ শোনার সাথে সাথেই নৈশভোজে উপস্থিত অতিথিরা কথা বলা বন্ধ করে দেন এবং চারপাশ থেকে মানুষ চিৎকার করে বলতে শুরু করেন, নিচে শুয়ে পড়ুন, নিচে শুয়ে পড়ুন!

এরপরই রণসজ্জায় সজ্জিত সিক্রেট সার্ভিস কর্মকর্তারা ডাইনিং রুমে ছুটে আসার সঙ্গে সঙ্গে শত শত অতিথি টেবিলের নিচে আশ্রয় নেন। ট্রাম্প এবং ফার্স্ট লেডি মঞ্চের পেছনের অংশে নিচু হয়ে বসে পড়েন এবং এর কিছুক্ষণ পরই সিক্রেট সার্ভিস কর্মকর্তারা তাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যান।

উপস্থিত দুই হাজার ৬০০ জন অতিথির মধ্যে অনেকেই নিরাপদ আশ্রয়ের খোঁজ করেন, অন্যদিকে ওয়েটাররা ডাইনিং হলের সামনের দিকে পালিয়ে যান।