জর্ডানের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় একাধিক মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

স্টার অনলাইন ডেস্ক

জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটি মুওয়াফফাক আল-সালতিতে ইরানের হামলায় একাধিক মার্কিন সামরিক বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে।

বুধবার মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের বরাতে এ তথ্য জানায় বার্তাসংস্থা রয়টার্স।

বিষয়টি সম্পর্কে অবগত কয়েকজন কর্মকর্তা সিবিএস নিউজকে বলেন, স্থানীয় সময় মঙ্গলবার রাত থেকে বুধবার ভোরের মধ্যে ওই হামলা চালানো হয়। তাদের ভাষ্য, আটটি এফ-১৫ যুদ্ধবিমান সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে সেগুলো আবারও কাজে ফিরিয়ে নেওয়া হয়।

তবে ‘ওয়ারথগ’ নামে পরিচিত একটি এ-১০ থান্ডারবোল্ট গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় যুদ্ধবিমানটির একটি ডানা ভেঙে গেছে বলে সূত্রগুলো সিবিএস নিউজকে জানিয়েছে।

সিবিএস নিউজ জানায়, জর্ডানে হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো মার্কিন সেনা নিহত হওয়ার খবর পাওয়া যায়নি।

হামলায় ক্ষয়ক্ষতির এই তথ্য এমন সময় এলো, যখন মঙ্গলবার যুক্তরাষ্ট্র ইরানের পাঁচটি তেলবাহী ট্যাংকারে হামলা চালানোর কথা জানিয়েছিল। মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজে ইরানের হামলার জবাবে ওই হামলা চালানো হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

এর পাল্টা জবাবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করে, তারা আটটি তেলবাহী ট্যাংকার ও দুটি যুদ্ধজাহাজে হামলা চালিয়েছে। জর্ডানের ওই মার্কিন বিমানঘাঁটিও এসব হামলার অন্যতম লক্ষ্য ছিল বলে দাবি করেছে আইআরজিসি।

সিবিএস নিউজের তথ্য অনুযায়ী, জর্ডানে ইরানের হামলা ঠেকাতে মার্কিন বাহিনী ৩০টির বেশি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

এর আগে সিবিএস নিউজ জানিয়েছিল, অন্যান্য অস্ত্রের পাশাপাশি মার্কিন বাহিনীর প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের মজুত দ্রুত কমে আসায় কর্মকর্তারা উদ্বিগ্ন।