যুদ্ধের মধ্যেই জাতিসংঘে ভাষণ দিতে নিউইয়র্কে পেজেশকিয়ান
জাতিসংঘের ৮১ বছরের ইতিহাসে প্রথমবার স্বাগতিক যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে থাকা কোনো দেশের নেতা সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন।
আজ বুধবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মাত্র সাত মাস আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার মধ্যে ভূগর্ভস্থ বাঙ্কার থেকে দেশ পরিচালনা করছিলেন পেজেশকিয়ান। এখন সিক্রেট সার্ভিসের নিরাপত্তায় তিনি ম্যানহাটনে কূটনৈতিক বৈঠক করছেন।
বিশ্লেষকদের মতে, যুদ্ধের মধ্যেও পেজেশকিয়ানের নিউইয়র্ক সফর ইরানের দৃঢ়তার বার্তা দিচ্ছে।
ইরানের পররাষ্ট্রনীতি বিষয়ক থিংকট্যাংক পিএআইএবির সহপ্রতিষ্ঠাতা সাসান কারিমি নিউইয়র্ক টাইমসকে বলেন, জাতিসংঘে প্রেসিডেন্টের উপস্থিতি দেশটির রাজনৈতিক ব্যবস্থার ‘দৃঢ়তা এবং স্থিতিশীলতার বার্তা দেয়’।
এর মধ্যে মঙ্গলবার কাতারের মধ্যস্থতায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে যোগাযোগ করেন।
নিউইয়র্ক টাইমস জানিয়েছে, তেহরান ও ওয়াশিংটন কীভাবে আবার শান্তি আলোচনা শুরু করতে পারে, তা নিয়ে তারা কথা বলেছেন।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, যুদ্ধ বন্ধ এবং দেশটির বন্দরগুলোর ওপর নৌ অবরোধ তুলে নেওয়ার দাবি জানিয়েছেন তারা। জুলাইয়ে শান্তি আলোচনা ভেঙে যাওয়ার পর এটিই ছিল দুই দেশের প্রতিনিধিদের মধ্যে প্রথম বৈঠক।