খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থার প্রথম দিনে ২৭৮ পিটিআইকর্মী আটক

স্টার অনলাইন ডেস্ক

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে চলমান বিক্ষোভ আন্দোলন দুর্বল হয়ে পড়ছে। প্রদেশে জরুরি অবস্থা জারির পর প্রথম দিনে ইমরান খানের দলের ২৭৮ নেতাকর্মীকে আটক করেছে দেশটির কর্তৃপক্ষ।

আজ সোমবার এএফপিকে এ তথ্য জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

সাবেক প্রধানমন্ত্রীর মুক্তির দাবিতে বড় ধরনের বিক্ষোভের পর রোববার খাইবার পাখতুনখাওয়া প্রদেশে জরুরি শাসন জারি করে কেন্দ্রীয় সরকার।

এই প্রদেশটি ইমরান খানের দল পিটিআইয়ের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।

নাম প্রকাশ না করার শর্তে দুই পুলিশ কর্মকর্তা এএফপিকে জানান, জরুরি শাসন জারির পর থেকে খাইবার পাখতুনখোয়া প্রদেশে পিটিআইয়ের ২৭৮ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে।

গণমাধ্যমে কথা বলার অনুমতি না থাকায় তারা পরিচয় প্রকাশ করতে চাননি।

জরুরি পরিস্থিতিতে প্রাদেশিক সরকারের বদলে গভর্নরের শাসনে প্রদেশটি পরিচালিত হচ্ছে।

কেন্দ্রীয় সরকারের দাবি, সীমান্তবর্তী এই প্রদেশে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় জরুরি শাসন জারি করা হয়েছে।

জরুরি শাসনের প্রথম দিনে প্রাদেশিক রাজধানী পেশোয়ারে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

শহরের ঐতিহাসিক হাশতনগরি তোরণের বাইরে অবস্থান নেন বহু পুলিশ সদস্য।

পেশোয়ারের প্রশাসনিক এলাকায় যান চলাচল বন্ধ করতে পণ্যবাহী কনটেইনার ও তার দিয়ে তৈরি অস্থায়ী প্রতিবন্ধকগুলোও বহাল রাখা হয়েছে।

কনটেইনার দিয়ে তৈরি প্রতিটি তল্লাশিচৌকিতে এক ডজনের বেশি পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। তাদের কাছে রয়েছে ঢাল, লাঠি ও কাঁদানে গ্যাসের শেল।

সোমবার প্রদেশটির শিক্ষাপ্রতিষ্ঠানও বন্ধ রাখা হয়।

কয়েক দিন ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভের পর পিটিআই-শাসিত প্রদেশটিতে জরুরি শাসন জারি করা হয়। এসব বিক্ষোভে ইমরান খানের হাজারো সমর্থক প্রদেশজুড়ে বিক্ষোভমিছিল করেন।

জরুরি শাসন জারির ঘোষণার পর পাকিস্তানের আইনমন্ত্রী আজম নাজির তারার বলেন, নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত পিটিআই নেতৃত্বাধীন প্রাদেশিক সরকার ‘কার্যকর থাকবে না’।

জরুরি শাসন জারির পর পিটিআই নেতারা নতুন করে বিক্ষোভের ডাক দিয়েছেন। তবে সোমবার বিচ্ছিন্নভাবে অনুষ্ঠিত বিক্ষোভগুলোতে কয়েক দিন আগের ‘লং মার্চের’ তুলনায় অনেক কম মানুষের উপস্থিতি দেখা গেছে।

পাশাপাশি, খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছে তার দল পিটিআই।

রোববার জরুরি অবস্থা ঘোষণার কয়েক ঘণ্টা পর ইসলামাবাদ অভিমুখে প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেওয়ার সময় সোহেলকেকে আটক করা হয়েছে বলে দাবি করে পিটিআই। দলের পক্ষ থেকে আরও কয়েকজন নেতাকে আটকের কথাও জানানো হয়।

পিটিআই নেতাদের সঙ্গে সরকারের সর্বশেষ আলোচনা গত ৪ অক্টোবর ভেস্তে যায়। এরপরই বিক্ষোভ শুরু হয়।

২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন ইমরান খান। ওই বছরের মে মাসে ব্যাপক সহিংস বিক্ষোভের পর তার বিরুদ্ধে দুর্নীতি থেকে শুরু করে সহিংসতায় উসকানি দেওয়াসহ বহু অভিযোগ আনা হয়।

ইমরান খান ও তার আইনজীবীরা এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তাদের দাবি, অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।