যন্তর মন্তরে অনুপ্রবেশ মামলায় ৫ দিনের জন্য কারাগারে সিজেপি নেতা সৌরভ ও আশুতোষ
ভারতের দিল্লিতে যন্তর মন্তরে অনুপ্রবেশের মামলায় ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে ৫ দিনের জন্য কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
আজ বুধবার তাদের তিহার কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্য হিন্দু।
প্রতিবেদনে বলা হয়েছে, দুই নেতাকে আটকের কয়েকঘণ্টা পর আদালত এ নির্দেশ দেন। তাদের বিরুদ্ধে যন্তর মন্তরে অনুপ্রবেশ, বন্ডের শর্তভঙ্গ ও নির্দেশ অমান্যসহ বিভিন্ন অভিযোগে মামলা হয়েছে। একই ঘটনায় আটক মুচলেকা নিয়ে মুক্তি দেওয়া হয়েছে আজিঙ্কা শিন্ডেকে।
গত সোমবার দিল্লির যন্তর মন্তরকে নির্ধারিত বিক্ষোভস্থলের তালিকা থেকে বাদ দেওয়া হয় বলে জানায় দ্য হিন্দু।
এ নিয়ে বিতর্কের মধ্যে কংগ্রেস নেতা ও লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী বলেছেন, ভারতের প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্ট ও বিচারব্যবস্থার প্রতি কংগ্রেসের সর্বোচ্চ শ্রদ্ধা রয়েছে। তবে রাজনৈতিক ও জনসাধারণের প্রতিবাদ চলবে এবং শেষ পর্যন্ত তারা জয়ী হবে।
দিল্লিতে নতুন করে নির্ধারিত তিনটি বিক্ষোভস্থলের একটি রামলীলা ময়দান। আগামী আড়াই মাসে সেখানে বিক্ষোভ বা সমাবেশ আয়োজনের জন্য কোনো তারিখ পাওয়া যাচ্ছে না।
কর্মকর্তারা জানিয়েছেন, শুধু ২৯, ৩০ ও ৩১ ডিসেম্বর কর্মসূচি আয়োজনের জন্য বুকিং দেওয়া যাবে।

