জমির পর্চা কেন গুরুত্বপূর্ণ? অনলাইনে খুঁজবেন যেভাবে

স্মৃতি মন্ডল
স্মৃতি মন্ডল

ঘরে বসেই এখন জমির গুরুত্বপূর্ণ অনেক নথি সংগ্রহ করা সম্ভব। জমির মালিকানা যাচাই, ক্রয়-বিক্রয় কিংবা আইনি প্রয়োজনে অপরিহার্য দলিল ‘পর্চা’ও অনলাইনে সহজেই খুঁজে পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।

জমির পর্চা কী, কীভাবে এটি খুঁজবেন, কী তথ্য লাগবে এবং কেন এটি এত গুরুত্বপূর্ণ—এসব বিষয়ে বিস্তারিত জানিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ইশরাত হাসান।

১. জমির পর্চা কী, এর গুরুত্ব

আইনজীবী ইশরাত হাসান বলেন, জমির পর্চা হলো খতিয়ানের প্রাথমিক বা খসড়া কপি, যা একটি অফিসিয়াল নথি হিসেবে জমির বর্তমান মালিক বা দখলদারের পরিচয় দেয়। জমি কেনাবেচা, ব্যাংক ঋণ গ্রহণ, নামজারি (মিউটেশন) এবং জমি সংক্রান্ত বিরোধে আদালতে প্রমাণ হিসেবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পর্চা ছাড়া জমির মালিকানা আইনগতভাবে দুর্বল হয়ে পড়ে।

২. অনলাইনে জমির পর্চা খুঁজবেন যেভাবে

বর্তমানে অনলাইনের মাধ্যমে ঘরে বসেই জমির পর্চা খোঁজা যায়। নির্দিষ্ট মৌজা, খতিয়ান নম্বর বা দাগ নম্বর দিয়ে সহজেই তথ্য অনুসন্ধান করা সম্ভব। অনলাইনে আবেদন করলে নির্ধারিত ফি প্রদান করে পর্চার কপি সংগ্রহ করা যায়, যা ডাকযোগেও পাওয়া যেতে পারে।

৩. ePorcha ওয়েবসাইটে জমির পর্চা সার্চ করবেন যেভাবে

প্রথমে ePorcha ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর বিভাগ, জেলা, উপজেলা ও মৌজা নির্বাচন করতে হবে। তারপর খতিয়ান নম্বর, দাগ নম্বর অথবা মালিকের নাম দিয়ে সার্চ অপশন ব্যবহার করতে হবে। সঠিক তথ্য প্রদান করলে সংশ্লিষ্ট জমির খতিয়ান স্ক্রিনে প্রদর্শিত হবে, যেখান থেকে বিস্তারিত দেখা যায়।

৪. অনলাইনে জমির পর্চা পেতে যেসব তথ্য ও ডকুমেন্ট প্রয়োজন

অনলাইনে আবেদন করতে হলে বিভাগ, জেলা, উপজেলা, মৌজা, খতিয়ান বা দাগ নম্বর এবং মালিকের নাম জানা জরুরি। পাশাপাশি আবেদনকারীর পরিচয় (যেমন: জাতীয় পরিচয়পত্র), একটি সচল মোবাইল নম্বর এবং অনলাইন ফি প্রদানের ব্যবস্থা থাকতে হবে। সঠিক তথ্য না দিলে কাঙ্ক্ষিত ফল পাওয়া কঠিন হতে পারে।

৫. অনলাইনে জমির পর্চার সার্টিফাইড কপি যেভাবে আবেদন ও সংগ্রহ করা যায়

প্রথমে অনলাইনে সংশ্লিষ্ট খতিয়ান খুঁজে বের করতে হয়। এরপর নির্ধারিত ফি দিয়ে আবেদন করতে হয়। আবেদন সম্পন্ন হলে সার্টিফাইড কপি অনলাইনে ডাউনলোড করা যায় অথবা ডাকযোগে সরবরাহ করা হয়। এই কপিটি আইনগত কাজে ব্যবহারের জন্য গ্রহণযোগ্য।

৬. জমির পর্চা ও খতিয়ানের মধ্যে পার্থক্য

আইনজীবী ইশরাত হাসান বলেন, খতিয়ান হলো জমির পূর্ণাঙ্গ রেকর্ড (রেকর্ড অব রাইটস), যেখানে মালিকানা, দাগ নম্বর, জমির শ্রেণি, অংশ ও খাজনার বিস্তারিত তথ্য থাকে। অন্যদিকে জমির পর্চা হলো সেই খতিয়ানের একটি কপি বা নির্যাস, যা সাধারণত তথ্য যাচাই বা প্রাথমিক প্রমাণ হিসেবে ব্যবহৃত হয়। অর্থাৎ, খতিয়ান মূল নথি আর পর্চা তার ব্যবহারযোগ্য কপি—তবে উভয়ই জমির মালিকানা প্রমাণে গুরুত্বপূর্ণ।