ওজন কমাতে ইনজেকশনই কি যথেষ্ট
অতিরিক্ত ওজন কমাতে নতুন আশার আলো হয়ে এসেছে ওয়েট-লস ইনজেকশন। বছরের পর বছর শুধু ডায়েট করে যারা হতাশ হচ্ছিলেন, তাদের অনেকের জন্য এটি জাদুর মতো কাজ করছে।
তবে স্বাস্থ্য ও পুষ্টি বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, এই ইনজেকশনই ওজন কমানোর শেষ কথা নয়। এর পাশাপাশি সঠিক খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রম এবং মানসিক স্বাস্থ্য ঠিক না থাকলে নতুন এই ওষুধের সুফল খুব বেশি দিন টিকবে না।
স্থূলতা ও পুষ্টি বিশেষজ্ঞরা ওজন কমানোর আধুনিক ওষুধের নিরাপদ ব্যবহার নিয়ে কিছু দিকনির্দেশনা দিয়েছেন। তাদের মূল কথা হলো ইনজেকশন সুস্থ জীবনযাপনের বিকল্প হতে পারে না। এটি কেবল সহায়ক হিসেবে কাজ করতে পারে।
বিশেষজ্ঞদের বড় উদ্বেগের জায়গা হলো, এসব ইনজেকশন নিলে শরীরের চর্বির পাশাপাশি পেশির শক্তিও দ্রুত কমে যেতে পারে। ফলে শরীর দুর্বল হয়ে পড়ে। বয়স্কদের জন্য এটা ঝুঁকিপূর্ণ হতে পারে।
তাই ওজন কমানোর এই প্রক্রিয়ায় শরীর ফিট রাখতে পুষ্টিকর সুষম খাবার খাওয়ার পাশাপাশি পর্যাপ্ত পানি পান এবং পেশির ব্যায়াম অত্যন্ত জরুরি।
মানসিক স্বাস্থ্যে প্রভাব
ইনজেকশনে দ্রুত ওজন কমে যাওয়ায় শুরুতে ফুরফুরে বোধ করলেও কেউ কেউ নতুন শরীরের সঙ্গে মানিয়ে নিতে সমস্যায় পড়েন। হঠাৎ করে চেহারায় পরিবর্তন আসায় আত্মবিশ্বাস কমে যেতে পারে। এতে পুরোনো মানসিক চাপ নতুন রূপে ফিরে আসতে পারে। তাই ওজন কমানোর সময় মানসিকভাবে ইতিবাচক থাকাও চিকিৎসার একটি গুরুত্বপূর্ণ অংশ।
জীবনযাপনে পরিবর্তন
প্রত্যেক মানুষের শারীরিক গড়ন ও চাহিদা ভিন্ন। তাই বিশেষজ্ঞদের মতে, শুধু ওজনের দিকে না তাকিয়ে সার্বিক সুস্থতার ওপর জোর দেওয়া উচিত। দীর্ঘস্থায়ী সফলতার জন্য স্বাস্থ্যকর জীবনধারা মেনে চলার বিকল্প নেই।
ইনজেকশন নেওয়ার পর শরীর বা মানসিক অবস্থার ওপর দীর্ঘমেয়াদে এর কেমন প্রভাব পড়তে পারে, তা নিয়ে এখনো বিস্তৃত গবেষণার প্রয়োজন রয়েছে। ওয়েট-লস ইনজেকশনের মাধ্যমে ওজন কমানো খুব সহজ মনে হলেও বিশেষজ্ঞদের ভাষ্য, ওষুধ শুধু একটি দরজা খুলে দেয়। পরিমিত ডায়েট, নিয়মিত হাঁটাচলা ও মানসিকভাবে উৎফুল্ল থেকে দীর্ঘমেয়াদে সুস্থ জীবনযাপনে অভ্যস্ত হতে হবে।
সূত্র: দ্য ল্যানসেট ডায়াবেটিস অ্যান্ড এন্ডোক্রাইনোলজি