লোহাগড়ায় বৌদ্ধ ভিক্ষুদের বহনকারী মাইক্রোবাস খাদে, নিহত ৩

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের লোহাগাড়ায় বৌদ্ধ ভিক্ষুদের বহনকারী মাইক্রোবাস খাদে পড়ে তিন জন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি জাংলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল মান্নান দ্য ডেইলি স্টারকে বলেন, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী মাইক্রোবাসটি সড়ক থেকে ছিটকে একটি গভীর খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই তিনজন মারা যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

তাৎক্ষণিকভাবে হতাহত ব্যক্তিদের নাম পরিচয় নিশ্চিত করা যায়নি।

দোহাজারী হাইওয়ে পুলিশ স্টেশনের উপ-পরিদর্শক রুহুল আমিন বলেন, ‘নিহতদের পরিচয় শনাক্তে কাজ চলছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নিহতদের লাশ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আমরা তাদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।'

তিনি আরও বলেন, ‘দুর্ঘটনাটি অতিরিক্ত গতি নাকি যান্ত্রিক ত্রুটির কারণে ঘটেছে সে বিষয়ে আমরা খতিয়ে দেখছি।’

দুর্ঘটনার পরবর্তীতে মহাসড়কের যান চলাচল স্বাভাবিক রয়েছে।