টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত ৪

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল

টাঙ্গাইলের সখিপুর উপজেলায় সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে মুরগিবোঝাই পিকআপ ভ্যানের ধাক্কায় অন্তত চারজন নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত একজন আহত হয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর ৪টার দিকে কালিয়া ইউনিয়নের অধীনে ঘোনাচালা এলাকায় সখিপুর-সাগরদিঘি সড়কে দাঁড়িয়ে থাকা বাঁশবোঝাই ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় মুরগিবোঝাই একটি পিকআপ ভ্যান।

নিহতরা হলেন—জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার মো. নূরনবী (৬৫), নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার মো. রফিকুল ইসলাম (২০), নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার মো. সাগর (২২) ও ভোলার সুমন মিয়া (২৫)।

নিহতরা সবাই পিকআপেই ছিলেন। এর মধ্যে নূরনবী ছিলেন পিকআপের চালক। রফিকুল ইসলাম চালকের সহকারী ছিলেন।

দুর্ঘটনায় আহত ঘাটাইল উপজেলার লক্ষিন্দর গ্রামের বাসিন্দা এবং বাঁশবোঝাই ট্রাকের চালকের সহকারী জহিরুল ইসলামকে (৪০) সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নিহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। দুর্ঘটনায় জড়িত দুটি যানবাহনই পুলিশ হেফাজতে রাখা হয়েছে।