কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে আহত ১, পাল্টা গুলি বিজিবির
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তবে বিজিবি আহত ব্যক্তি পরিচয় জানাতে পারেনি।
বিজিবি ৪৭ ব্যাটালিয়ন কুষ্টিয়ার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বিজ্ঞপ্তিতে জানান, আজ সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে বাংলাদেশ সীমান্ত থেকে আনুমানিক ৩০০ গজ ভারতের ভেতর থেকে গুলি চালানো হয়েছে। সে সময় মাথাভাঙ্গা নদীর পাশে একজন আহত হন।
স্থানীয়দের দাবি, আহত ব্যক্তির নাম সাহাজুল ইসলাম (৩২)। তিনি জামালপুর গ্রামের সাহাবাজের ছেলে। তবে দ্য ডেইলি স্টার তার পরিচয়ের ব্যাপারে নিশ্চিত হতে পারেনি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘটনার পরপরই সীমান্তের এপারে অবস্থানরত জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আত্মরক্ষামূলক ব্যবস্থা হিসেবে বিজিবি পাল্টা গুলি চালিয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।