গেন্ডারিয়ায় ব্যাটারিচালিত দুই রিকশার সংঘর্ষে নিহত ১

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর গেন্ডারিয়া এলাকায় ব্যাটারিচালিত দুই রিকশার সংঘর্ষে গোলাম মোস্তফা (৫২) নামে এক চালক নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে সকাল ৮টার দিকে গেন্ডারিয়া ঘুণ্টিঘর এলাকায় দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হয়েছিলেন।

মোস্তফার ছেলে মো. ইউসুফ জানান, তাদের বাড়ি মুন্সীগঞ্জের টংগিবাড়ী থানার হাসাইল গ্রামে। ঢাকায় তারা যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়ক এলাকায় বসবাস করেন।

‘সকালে বাবা ব্যাটারিচালিত রিকশা নিয়ে বাসা থেকে বের হয়। এরপর জানতে পারি গেন্ডারিয়া এলাকায় আরেকটি রিকশার সাথে সংঘর্ষে আহত হয়েছে,’ বলেন তিনি।

পথচারীরা মোস্তফাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। সেখান থেকে স্বজনরা তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন বলে ইউসুফ জানিয়েছেন।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। গেন্ডারিয়া থানা পুলিশ আইনি পদক্ষেপ শুরু করেছে।