চকরিয়ায় বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৪

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার

কক্সবাজারের চকরিয়ায় বাসের ধাক্কায় লেগুনার ৪ যাত্রী নিহত হয়েছে। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত ৫ জন।

আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার খুটাখালী ইউনিয়নের নয়াপাড়া বাইতুল মামুর জামে মসজিদ সংলগ্ন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সামসুজ্জামান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন—খুটাখালীর সেগুনবাগিচার মো. জসিম উদ্দিন (২৫), ফুলছড়ির শিয়াপাড়ার মো. শাহেদ (২৭),  খুটাখালীর মো. জিয়াবুল হক (২৫) এবং ঈদগাঁওয়ের মোহাম্মদ রফিক (২৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নোয়াখালী সদর থেকে কক্সবাজারগামী লাল সবুজ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা চকরিয়াগামী একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে লেগুনাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা কয়েকজন যাত্রী গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল এবং মালুমঘাটের ক্রিশ্চিয়ান মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান।

কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসারত অবস্থায় শাহেদ, রফিক ও জিয়াবুল হক মারা যান।

অন্যদিকে ক্রিশ্চিয়ান মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জসিম উদ্দিন মারা যান।

এসআই সামসুজ্জামান জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

দুর্ঘটনাকবলিত বাস ও লেগুনা দুটিই আটক করেছে পুলিশ। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।