চাকা মেরামতের সময় আরেক বাসের ধাক্কা, নিহত ৩ আহত ১৫

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর

মাদারীপুরের শিবচরে যাত্রীবাহী দুটি বাসের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন।

আজ শুক্রবার দুপুর সাড়ে ৩টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরের বাখরেরকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শিবচর হাইওয়ে থানার পরিদর্শক এম এম মুনতাসির মাহমুদ দ্য ডেইলি স্টারকে দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ নিহতদের পরিচয় শনাক্ত করতে পারেনি।

পুলিশ জানায়, শিবচরের পাঁচ্চর এলাকায় এক্সপ্রেসওয়েতে ঢাকাগামী পালকি পরিবহনের একটি বাসের চাকা লিক হয়ে যায়। বাসটি মহাসড়কের পাশে রেখে মেরামতের কাজ চলার সময় ঢাকামুখী হানিফ পরিবহনের একটি বাস পেছন থেকে সেটিকে ধাক্কা দেয়।

এতে বাস দুটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ৩ জন নিহত হন।

পরিদর্শক মুনতাসির জানান, পুলিশ, স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে তারা চিকিৎসা নিচ্ছেন।

নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতালে রাখা হয়েছে। তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি বলেও উল্লেখ করেন তিনি।

পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত বাস দুটি জব্দ করা হয়েছে।