ময়মনসিংহে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ময়মনসিংহে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ৪ জন।
আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর আকুয়া বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত মো. সাদেক আলী (২৭) ফুলবাড়িয়া উপজেলার চৌদার গ্রামের বাসিন্দা ছিলেন। নিহত অপর নারীর পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
স্থানীয়দের বরাতে ওসি জানান, সাদেক আলী তার এক আত্মীয়কে দেখতে সিএনজিচালিত অটোরিকশাটিতে করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন। অটোরিকশায় চালক ছাড়াও এক শিশুসহ মোট ৬ যাত্রী ছিলেন।
দুপুর সাড়ে ১২টার দিকে আকুয়া বাইপাস মোড় গেলে একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নারী যাত্রীর মৃত্যু হয়।
আহত পাঁচজনকে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাদেক আলীকে মৃত ঘোষণা করেন।
ওসি জানান, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।