টেকনাফে দুর্গম পাহাড় থেকে ৩ মরদেহ উদ্ধার
কক্সবাজারের টেকনাফে পাহাড় থেকে ৩ ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ৯টায় উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী এলাকার একটি দুর্গম পাহাড় থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলেন আমিনুল ইসলাম রবি (১৯), মুজিবুর রহমান (৩৮) এবং নূর বাশার (২০)। তারা সবাই একই এলাকার বাসিন্দা।
বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ দুর্জয় বিশ্বাস দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে, নিহতরা সবাই সন্দেহভাজন ডাকাত। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বী গ্রুপগুলোর মধ্যে দ্বন্দ্বে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মোরশেদ নামে আরও একজন গুরুতর আহত হয়ে একটি হাসপাতালে চিকিৎসাধীন। নিহত ও আহতদের মধ্যে মুজিব ও মোরশেদের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে।
পুলিশ আরও বলেছে, আমিনুল ইসলাম রবি ও নূর বাশার তুলনামূলকভাবে নতুন। ধারণা করা হচ্ছে তারা ডাকাতি ও মানব পাচারের সঙ্গে জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে মামলা ও অভিযোগের বিষয়গুলো পুলিশ যাচাই করছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ঘটনাটি অপহরণ ও মানব পাচারের সঙ্গে সংশ্লিষ্ট হতে পারে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।’
নিহত রবির বাবা রুহুল আমিন দ্য ডেইলি স্টারকে জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে ছেলেকে শনাক্ত করেন। তিনি বলেন, ‘গতকাল রাতে খাবার খাওয়ার সময় মোরশেদ আমার ছেলেকে ফোন করে বাইরে যেতে বলে। এরপর থেকে সে নিখোঁজ ছিল। আজ সকালে পাহাড়ের ভেতরে তার লাশ পেয়েছি।’