‘যৌতুক না পেয়ে’ স্ত্রীর চুল কেটে নির্যাতনের মামলায় গ্রেপ্তার স্বামী কারাগারে

নিজস্ব সংবাদদাতা, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পাঁচ লাখ টাকা যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর, ধারালো অস্ত্র দিয়ে আঘাত ও মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার দ্বীন ইসলাম (২৭) উপজেলার রামধননগর গ্রামের বাসিন্দা। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  

আজ বৃহস্পতিবার আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বুধবার দিবাগত রাতে নরসিংদী সদরের খালপাড় এলাকা থেকে দ্বীন ইসলামকে গ্রেপ্তার করা হয়।

ভুক্তভোগী স্ত্রী মীম আক্তার ও তার পরিবারের সদস্যদের অভিযোগ, বিয়ের পর থেকেই দিনু ও তার পরিবারের সদস্যরা ব্যবসার কথা বলে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন। তবে আর্থিক সামর্থ্য না থাকায় সেই টাকা দিতে না পারায় মীমকে দীর্ঘদিন ধরে মানসিক ও শারীরিক নির্যাতন করা হচ্ছিল।

পরিবারের অভিযোগ, গত ৫ মে সকালে নির্যাতন চরম মাত্রায় পৌঁছায়। সেদিন দ্বীন ইসলাম মীমকে মারধর করেন এবং ধারালো অস্ত্র দিয়ে মুখ ও হাতে আঘাত করেন। এরপর তিনি স্ত্রীর মাথার চুল কেটে দেন এবং এ কাজে তার মা সহযোগিতা করেন।

নির্যাতনের পর গুরুতর আহত অবস্থায় মীমকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তার পরিবারের সদস্যরা।

কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠান।

এ ঘটনায় মীম নিজেই বাদী হয়ে আখাউড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে পুলিশ অভিযুক্ত দ্বীনকে গ্রেপ্তারে অভিযান শুরু করে।

পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় নরসিংদীর খালপাড় এলাকায় তার অবস্থান নিশ্চিত হওয়ার পর বুধবার রাতে সেখানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

ওসি জাবেদ উল ইসলাম বলেন, 'গ্রেপ্তার দ্বীন ইসলামকে বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের বিষয়ে তদন্ত চলছে।'