ফটিকছড়িতে ধর্ষণচেষ্টার পর নারীকে হত্যার অভিযোগে গ্রেপ্তার ১
চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্ষণচেষ্টার পর নারীকে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার মোহাম্মদ সাফা (৪৫) নিহত নারীর বিয়াই ছিলেন।
গতকাল শুক্রবার তাকে আটক করে পুলিশ। আজ নিহতের বাবা ধর্ষণ ও হত্যা মামলা করার পর তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, গতকাল সন্ধ্যায় ওই এলাকার একটি পাহাড়ের পাদদেশে নারীকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরিবারের সদস্যরা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
ওসি রবিউল ডেইলি স্টারকে বলেন, ‘ভুক্তভোগীর শরীরে বেশ কিছু আঁচড়ের চিহ্ন ছিল। এ কারণে পরিবারের সদস্যরা প্রথমে ভেবেছিলেন তাকে জ্বীনে ধরেছিল। পরে মরদেহ গোসল করানোর সময় তাদের সন্দেহ তৈরি হয়।’
‘একই সময় লোকজন সাফার অস্বাভাবিক আচরণ লক্ষ্য করে। পরে তাকে আটক করে পুলিশে খবর দেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে সাফা স্বীকার করেন, তিনি ওই নারীকে ধর্ষণের চেষ্টা করেছিলেন। পরে হত্যার পর মরদেহ ফেলে দেন,’ যোগ করেন ওসি।
পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।