গোপালগঞ্জে শিশু ধর্ষণ মামলার আসামি কেরাণীগঞ্জে গ্রেপ্তার
গোপালগঞ্জে ১০ বছরের শিশুকে ধর্ষণ মামলার আসামিকে কেরাণীগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার মোরসালিন শেখ ওরফে রাজু (২০) কাশিয়ানী উপজেলার নিজামকান্দি গ্রামের বাসিন্দা।
আজ শনিবার দিবাগত রাতে কাশিয়ানী থানা পুলিশের বিশেষ অভিযানে কেরাণীগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গোপালগঞ্জ পুলিশ মিডিয়া গ্রুপ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গোপালগঞ্জ সদর উপজেলার ১০ বছর বয়সী এক শিশুকে গত ৭ মে খালার বাড়িতে ধর্ষণ করা হয়। এ ঘটনায় গতকাল শনিবার রাতে শিশুটির নানি বাদী হয়ে মামলা করেন। এরপর পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে।
গোপালগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ জিয়াউল হকের দিকনির্দেশনা ও মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাফিছুর রহমানের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ তাজউদ্দিন আহমেদ ও সাব ইন্সপেক্টর খায়রুল বাশারের পরিচালিত বিশেষ অভিযানে আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্ত এলাকায় পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিল আসামি। পালানোর আগেই পুলিশের দ্রুত পদক্ষেপে তাকে আটক করা হয়।