রামিসা ধর্ষণ-হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল-স্বপ্নার আপিল শুনানি গ্রহণ
শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় বিচারিক আদালতের রায়কে চ্যালেঞ্জ করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের করা জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট।
আজ রোববার জেল কর্তৃপক্ষের মাধ্যমে তাদের করা আপিল আবেদন কার্যতালিকায় ওঠে। পরে বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মো. সাইফুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ তাদের আপিল গ্রহণ করে আদেশ দেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান দ্য ডেইলি স্টারকে বলেন, সংশ্লিষ্ট প্রক্রিয়া শেষে এই মামলার ডেথ রেফারেন্সের (মৃত্যুদণ্ড নিশ্চিতকরণ) সঙ্গে এই আপিলগুলোর শুনানি করবেন হাইকোর্ট।
বেঞ্চের কার্যক্রম চলাকালীন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল রাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন। দণ্ডিত আসামিদের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।
গত ৭ জুন ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল রামিসাকে ধর্ষণ ও হত্যার দায়ে প্রধান আসামি সোহেল রানাকে মৃত্যুদণ্ড এবং তাকে অপরাধ সংঘটনে সহায়তা করার দায়ে তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেন।
মৃত্যুদণ্ডের পাশাপাশি সোহেলকে পাঁচ লাখ টাকা এবং স্বপ্নাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। ট্রাইব্যুনাল জরিমানার টাকা ভুক্তভোগীর আইনি উত্তরাধিকারীদের দেওয়ার নির্দেশ দিয়েছেন।
আদালত বলেন, জরিমানা দিতে ব্যর্থ হলে জেলা কালেক্টর দণ্ডিতদের স্থাবর-অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করে জরিমানার টাকা আদায় করে ভুক্তভোগীর পরিবারকে দেবেন।
গত ১৯ মে প্রতিবেশী সোহেলের ঘরে পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসার মাথাবিহীন মরদেহ পাওয়া যায়।
পর দিন রমিসার বাবা ওই দম্পতি ও এক অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে পল্লবী থানায় মামলা করেন।