দুর্নীতির মামলায় বেরোবির সাবেক উপাচার্য কলিম উল্লাহর জামিন
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা একটি দুর্নীতির মামলায় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবির) সাবেক উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিম উল্লাহকে স্থায়ী জামিন দিয়েছেন হাইকোর্ট।
আজ রোববার বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ অধ্যাপক কলিমুল্লাহর জামিন আবেদনের শুনানি শেষে এ রায় দেন।
রায়ে আদালত সংশ্লিষ্ট নিম্ন আদালতে জামিননামা (বেল বন্ড) জমা দেওয়ার পাশাপাশি কলিমুল্লাহর পাসপোর্ট জমা রাখার নির্দেশ দিয়েছেন।
অধ্যাপক কলিম উল্লাহর আইনজীবী সৈয়দ মামুন মাহবুব দ্য ডেইলি স্টারকে জানান, হাইকোর্টের এই আদেশের পর তার কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই।
আদালতে জামিন আবেদনকারীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মো. ফজলুর রহমান, এ এম মাহবুব উদ্দিন খোকন, সৈয়দ মামুন মাহবুব ও আইনজীবী কাজী আহসান হাবিব।
দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খান মো. মইনুল হাসান লিপন এবং রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।
এর আগে ২০২৫ সালের ৬ আগস্ট রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) অধ্যাপক কলিম উল্লাহকে গ্রেপ্তার করে। পরে এই মামলায় তাকে পাঁচদিনের রিমান্ডে নেওয়া হয়েছিল।
গত বছরের ৪ সেপ্টেম্বর মহানগর বিশেষ জজ আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করার পর তিনি জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন।
বিশ্ববিদ্যালয়ের একটি বিশেষ উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগে গত বছরের ৬ জুন দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এর তৎকালীন সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিম উল্লাহসহ পাঁচজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
মামলার এজাহার অনুযায়ী, ওই প্রকল্পের আওতায় শেখ হাসিনা হল এবং ড. ওয়াজেদ মিয়া রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট ভবন নির্মাণে অনিয়মের মাধ্যমে প্রায় ৪ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।