ক্রিকেটার নাঈমকে হেনস্তা: ৩ পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় শাস্তির সুপারিশ
জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা ও মারধরের ঘটনার তদন্তে পুলিশ সদস্যদের অসদাচরণের প্রমাণ পেয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) তদন্ত কমিটি।
সিএমপির উপকমিশনার (পশ্চিম) আলমগীর হোসেনের নেতৃত্বাধীন কমিটি আজ রোববার বিকেলে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলীর কাছে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে।
প্রতিবেদনে খুলশী থানার তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।
সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'তদন্ত কমিটি তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে। এর পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে কমিটি ৭ দফা সুপারিশও দিয়েছে।'
'সেই সুপারিশ অনুযায়ী এখন বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে,' বলেন তিনি।
গত ১২ জুন রাতে সাভারে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ শেষে চট্টগ্রামের বাড়িতে ফিরছিলেন নাঈম। পরদিন সকালে চট্টগ্রাম বিমানবন্দর থেকে বাসায় যাওয়ার পথে লালখান বাজার এলাকায় সিএনজি অটোরিকশা আটকে নাঈমকে নামিয়ে হেনস্তা করে পুলিশ।
প্রথমে নাঈমকে গাড়ি থেকে নামিয়ে লাঠি ও পাইপ দিয়ে মারধর করা। একপর্যায়ে তাকে একটি অটোরিকশায় করে খুলশী থানায় নেওয়া হয়। সেখানে আরও হেনস্তার শিকার হন তিনি।
এ ঘটনায় খুলশী থানার উপপরিদর্শক (নিরস্ত্র) মো. শফিকুল ইসলাম ভূঁইয়া ও কনস্টেবল মো. রাসেল চৌধুরীকে সাময়িক বহিষ্কার করা হয়।
একইসঙ্গে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানকে থানা থেকে প্রত্যাহার করা হয়।

