কুয়াকাটায় দেশ রূপান্তরের সাংবাদিককে হাতুড়িপেটা
পটুয়াখালীর কুয়াকাটায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে দৈনিক দেশ রূপান্তর-এর কুয়াকাটা প্রতিনিধি কে এম বাচ্চুকে হাতুড়িপেটা করেছে সন্ত্রাসীরা।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে কুয়াকাটার হোটেল সৈকতের সামনে এ হামলার ঘটনা ঘটে।
হাতুড়ির আঘাতে গুরুতর আহত ওই সংবাদকর্মীকে আশঙ্কাজনক অবস্থায় রাতেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের জন্য অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়দের অভিযোগ, সংবাদ প্রকাশকে কেন্দ্র করে বাইজিদ রানা ও হারুন মুসল্লির নেতৃত্বে কয়েকজনের একটি দল কে এম বাচ্চুর ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় হাতুড়ি দিয়ে তার মাথা ও দুই পায়ে এলোপাতাড়ি আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে তার ডাকচিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার বলেন, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের আটকের জন্য অভিযান চলছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।