পটিয়ায় প্রতিবেশীর সঙ্গে বিরোধে আইনজীবীর সহকারী সমিতির নেতাকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের পটিয়ায় প্রতিবেশীর সঙ্গে বিরোধে অ্যাডভোকেট ক্লার্কস অ্যাসোসিয়েশনের এক নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মোনাফ হাজির পাড়ায় শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ তোহা (৪৫) পটিয়া অ্যাডভোকেট ক্লার্কস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ছিলেন।

পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শফিক দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রতিবেশী এজাহার মিয়ার পরিবারের সঙ্গে তোহা ও তার পরিবারের দীর্ঘ বিরোধ ছিল।

এসআই শফিক বলেন, 'তোহাদের বাড়ির গাছ থেকে এক কাঁদি কলা চুরির প্রতিবাদ করায় গতকাল রাত ১২টার দিকে দুই পরিবারের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তোহাকে লোহার রড দিয়ে আঘাত করা হয় এবং পিটিয়ে গুরুতর আহত করা হয়।'

পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ঘটনার পর একজনকে আটক করেছে পুলিশ। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।