কর্মস্থলে অনুপস্থিত বিপ্লব কুমারসহ ৬ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বরখাস্ত

স্টার অনলাইন রিপোর্ট

বিনা অনুমতিতে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শকসহ (অতিরিক্ত ডিআইজি) ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।

আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

বরখাস্ত কর্মকর্তারা হলেন—বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি বিপ্লব কুমার সরকার ও সুদীপ কুমার চক্রবর্তী, খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত পুলিশ সুপার (এসপি) মো. ইকবাল হোসেন, কক্সবাজারের ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার গোলাম রুহানী।

প্রজ্ঞাপনে বলা হয়, এই কর্মকর্তারা ছুটি বা পূর্বানুমতি ছাড়াই দীর্ঘদিন ধরে নিজ নিজ কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।

মন্ত্রণালয় থেকে জানায়, অনুমতি ছাড়া অনুপস্থিতির জন্য তাদের কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছিল। তবে তাদের কেউই জবাব দেননি।

পরে বিভাগীয় তদন্তে তাদের বিরুদ্ধে অসদাচরণের প্রাথমিক সত্যতা প্রমাণিত হওয়ায় সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী তাদের বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

বরখাস্তের এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।