ভৈরবে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
কিশোরগঞ্জের ভৈরবে সাবেক পৌর কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. আল আমিন সৈকতকে (৪০) কুপিয়ে হত্যা করা হয়েছে।
গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ভৈরব শহরের টিনপট্টি এলাকার গোপাল জিউর মন্দিরের সামনে একদল দুর্বৃত্ত সৈকতকে কুপিয়ে গুরুতর আহত করে।
আল আমিন সৈকত ভৈরব পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং কার্যক্রম নিষিদ্ধ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার রাতে গোপাল জিউর মন্দিরের সামনে আল আমিনের ওপর অতর্কিত হামলা চালায় একদল দুর্বৃত্ত। এ সময় হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়। স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব রহমান জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।