ভারতে পালানোর সময় হত্যা মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, ব্রাহ্মণবাড়িয়া

ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার এক আসামিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে গ্রেপ্তার করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে গ্রেপ্তার ইদ্রিস আলী (৪০) ঢাকার সাভারের আশুলিয়া থানার জামগড়া এলাকার আলী আহম্মদের ছেলে।

গ্রেপ্তারের পর তাকে আখাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. শরীফুল ইসলাম।

এসআই শরীফুল বলেন, ‘ভারতে যাওয়ার উদ্দেশ্যে ইদ্রিস আলী ইমিগ্রেশনে এলে তার ডেটাবেজ যাচাই করা হয়। এসময় তার নামে একাধিক হত্যা মামলা থাকার তথ্য পাওয়া যায়। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে গ্রেপ্তার করে আখাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

পুলিশ জানায়, ইদ্রিস আলী সকাল সাড়ে ১০টার দিকে তার ছোট বোন ও ভাগিনাকে সঙ্গে নিয়ে ভারতে যাওয়ার জন্য চেকপোস্টে আসেন। এসময় কাগজপত্র যাচাই-বাছাই করে তার বিরুদ্ধে আশুলিয়া থানায় একাধিক মামলা থাকার তথ্য পাওয়া যায়। পরে তাকে আটক করা হয়।

তার সঙ্গে থাকা বোনের বিরুদ্ধে কোনো মামলা না থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানিয়েছে, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলা, অবৈধ অস্ত্র সংরক্ষণ ও প্রদর্শনের পাশাপাশি এলাকায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে আধিপত্য বিস্তার ও দুর্নীতির অভিযোগও রয়েছে ইদ্রিস আলীর বিরুদ্ধে।