গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে আটক ২, ককটেল উদ্ধার
রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে দুজনকে আটক করেছে পুলিশ। মিছিল চলাকালে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
আজ শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে গুলশান ৩ নম্বর সড়কে কেএফসির গলিতে এ ঘটনা ঘটে।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনটির ১৫০-২০০ জন সদস্য জমায়েত হয়ে মিছিলের চেষ্টা করছিলেন। নিকেতন এলাকায় দায়িত্বরত পুলিশের এক উপপরিদর্শক তাদের ছত্রভঙ্গ করতে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন।
এ সময় তারা পাঁচটি তাজা ককটেল ফেলে রেখে দ্রুত পালিয়ে যান। তবে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে। তারা হলেন—মো. আরাফাত (২০) ও আ. রহিম (৪৯)।
দাউদ আরও বলেন, এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।