২ জেলায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ ও সহযোগী সংগঠনের ২৪ নেতাকর্মী গ্রেপ্তার
চাঁদপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৭ জন ও সাভারে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নুর দ্য ডেইলি স্টারকে জানান, গ্রেপ্তার ১৭ জনের সবাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী। ঢাকাসহ সারাদেশে ‘লকডাউন’ কর্মসূচির প্রস্তুতি নিচ্ছিলেন তারা।
চাঁদপুরে গ্রেপ্তার ১৭ জন হলেন—গোলাম মোর্তুজা (৩৮), রুহুল আমিন সিকদার (৪৪), মো. দেলোয়ার হোসেন (৫৭), মো. শাকিল হোসেন (৩০), সামসুল আলম প্রকাশ মাসুদ আলম (৩৬), আ. সাত্তার (৬৫), ইব্রাহিম রহমান সৈকত (৩৫), ফজলুল করিম সেলিম (৪১), আলি উল্লাহ (৪৭), মো. কাউছার হোসেন (৪১) ও মো. শাহজালাল সরকার (৪৭), মো. মনির হোসেন প্রধান (২৭), মো. নাসির উদ্দিন প্রধান (৬০), মো. রাতুল খান (২২), মো. মানিক (৩৫), ইমান হোসেন মেম্বার (৩৮) ও কামাল হাজী (৫৫)।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে এবং আদালতের নির্দেশে সবাইকে কারাগারে পাঠানো হয়েছে।
সাভার
এদিকে আজ সকাল ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আনন্দপুর এলাকায় চেকপোস্টে তল্লাশির সময় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ব্যানার ও বাঁশের লাঠিসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন—রাজু (৩৯), আনোয়ার হোসেন (৫০), রুহুল আমিন রাজীব (৩৮), মো. আরিফুল হোসেন (২৫), মোহাম্মদ আলী (৩৫), মো. মুরাদ হোসেন (৪৪) এবং শেখ তুহিন (৩৩)।
সাভার মডেল থানার ওসি মো. সাইফুল আলম ডেইলি স্টারকে জানান, গ্রেপ্তাররা সবাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী।
তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় সন্ত্রাস দমন আইনে মামলা হয়েছে বলে জানান তিনি।