চাঁদপুরে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ, তদন্তে কমিটি

সংবাদদাতা, চাঁদপুর

চাঁদপুরের শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের অবহেলায় এক রোগীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছেন সিভিল সার্জন।

গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা ওয়ার্ডে ওই রোগীর মৃত্যু হয়।

মৃত হাজেরা বেগম (৪২) লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাটরা বাজার ইউনিয়নের জামালপুর গ্রামের আক্তার হোসেনের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে লিভারের সমস্যায় ভুগছিলেন।

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে হাজেরা বেগমকে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

স্বজনদের অভিযোগ, মৃত্যুর প্রায় এক ঘণ্টা আগে শারীরিক অবস্থার অবনতি হলে বারবার অনুরোধের পরও কর্তব্যরত চিকিৎসক ডা. প্রিয়াঙ্কা রোগীকে দেখতে আসেননি। ওই সময় তিনি নিজকক্ষে মোবাইল ফোন নিয়ে ব্যস্ত ছিলেন। একপর্যায়ে রোগীকে বেড থেকে কাঁধে করে তার কক্ষে নিয়ে আসার নির্দেশ দেন ডা. প্রিয়াঙ্কা।

হাজেরা বেগমের স্বামী আক্তার হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমার স্ত্রী দীর্ঘদিন ধরে লিভারের সমস্যায় ভুগছিলেন। গতকাল রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক ডা. প্রিয়াঙ্কাকে বারবার অনুরোধ করলেও তিনি রোগীকে দেখতে আসেননি। ওই সময় নিজকক্ষে মোবাইল ফোন নিয়ে ব্যস্ত ছিলেন।’

তিনি আরও বলেন, ‘একপর্যায়ে ডা. প্রিয়াঙ্কা রোগীকে বেড থেকে কাঁধে করে তার কক্ষে নিয়ে আসতে বলেন। কিন্তু আমার একার পক্ষে স্ত্রীকে চিকিৎসকের কক্ষে নেওয়া সম্ভব নয় জানালে তিনি অক্সিজেন দেওয়ার পরামর্শ দেন। এর কিছুক্ষণ পর রাত সাড়ে ১১টার দিকে ওয়ার্ডেই হাজেরা বেগমের মৃত্যু হয়।’

আক্তার হোসেন বলেন, ‘চিকিৎসক রোগীকে দেখতে এলে এ ঘটনা ঘটত না।’

এ বিষয়ে ডা. প্রিয়াঙ্কার বক্তব্য জানতে চাইলে হাসপাতালে সাংবাদিকদের বাধা দেন কার্ডিওলজি কনসালট্যান্ট ডা. জয়ন্ত মালাকার।

তিনি বলেন, ‘ওই রোগীর আইসিইউ সাপোর্ট প্রয়োজন ছিল। লিভারের জটিল চিকিৎসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সম্ভব নয়।’

জানতে চাইলে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু নাছের শাকিল ডেইলি স্টারকে বলেন, ‘কর্তব্যে অবহেলার বিষয়টি প্রমাণিত হলে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান ডেইলি স্টারকে বলেন, ‘আমরা এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে চাঁদপুরের সিভিল সার্জন মোহাম্মদ নূর আলম দীন ডেইলি স্টারকে বলেন, ‘এ ঘটনায় আমাদের কাছে কেউ কোনো অভিযোগ করেননি। তারপরও আমাদের হাসপাতালে এমন একটি বিষয় নিয়ে কথা ওঠায় আমি তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছি। তারা আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন দেবেন। এরপর কারও অবহেলা প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’