নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের পর মামলা, প্রধান আসামি শেখ হাসিনা

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ

ঝিনাইদহের কোটচাঁদপুরে নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের মিছিলের ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ।

কোটচাঁদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মুজাহিদুল হাসান বাদী হয়ে ৫২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ১০০-১২০ জনকে আসামি করে গতকাল সোমবার দুপুর পৌনে ১টার দিকে মামলাটি করেন।

আজ মঙ্গলবার কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ডেইলি স্টারকে বলেন, ‘ইতোমধ্যে এই মামলায় এজাহারভুক্ত দুজনসহ মোট তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।’

পুলিশ জানায়, গতকাল সোমবার ভোরে কোটচাঁদপুর শহরের কলেজ বাসস্ট্যান্ড এলাকায় কালীগঞ্জ-জীবননগর সড়কে মিছিল করে নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। ঘটনাস্থল থেকে জব্দ ৮টি লাঠি মামলার আলামত হিসেবে দেখানো হয়েছে।

মামলায় শেখ হাসিনা ছাড়াও জেলা ছাত্রলীগ, আওয়ামী লীগের উপজেলাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের আসামি করা হয়েছে।