‘সর্বহারা’ পরিচয়ে রাবির ৫ শিক্ষককে হত্যার হুমকি, চাঁদা দাবি
‘সর্বহারা’ পরিচয়ে ফোন করে হত্যার হুমকি দিয়ে চাঁদা দাবি করা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অন্তত পাঁচ শিক্ষকের কাছে।
তারা হলেন—ইংরেজি বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, গণিত বিভাগের অধ্যাপক গৌর চন্দ্র পাল, সমাজকর্ম বিভাগের অধ্যাপক জান্নাতুল ফেরদৌস, নাট্যকলা বিভাগের অধ্যাপক শাহরিয়ার হোসেন ও সহযোগী অধ্যাপক কৌশিক সরকার।
নাট্যকলা বিভাগের অধ্যাপক ড. শাহরিয়ার হোসেনের কাছে ফোন করে জেলে থাকা কর্মীদের জামিনের খরচ চাওয়া হয়।
দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, ‘আমার কাছে দুইবার কল আসে। ব্যস্ত থাকায় প্রথমবার কল ধরতে পারিনি। তবে দুই ঘণ্টা পর বেশ লম্বা সময় কথা হয়। আমি কত টাকা দিতে পারব-তা জানতে চাওয়া হয় আমার কাছে।’
কল দেওয়া ব্যক্তি নিজেকে সিরাজ শিকদারের ছোটভাই পরিচয় দিয়ে ফোনালাপের এক পর্যায়ে অধ্যাপক শাহরিয়ারকে বলেন, ‘আপনার মাথায় তো আর রিভলবার ধরি নাই। দাদা ফোন করবে, টাকা ম্যানেজ করে রাখবেন।’
পরে মতিহার থানায় নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেন অধ্যাপক শাহরিয়ার। কল পাওয়ার সঙ্গে সঙ্গে রাবি প্রক্টরকেও জানান তিনি। প্রক্টর অধ্যাপক ড. মাহবুবুর রহমান তাকে জানান, সম্প্রতি এমন কল রাবির আরও কয়েকজন শিক্ষকও পেয়েছেন।
অধ্যাপক শাহরিয়ার জানান, পরে পুলিশ নম্বর ট্র্যাক করে জানতে পারে কলটি মাদারীপুর থেকে এসেছে। আর সিমকার্ডটি মুফতি রেজাউল করিমের নামে নিবন্ধিত।
অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন ডেইলি স্টারকে বলেন, ‘আমাকে ফোন করে সর্বহারা পরিচয় দেওয়ার পর কথা না বাড়িয়ে কল কেটে দেই। পরে জানতে পারি, বিশ্ববিদ্যালয়ের আরও কয়েকজন শিক্ষকের কাছে এমন কল এসেছে।’
অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরজুন বলেন, ‘জিডি করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। আশা করছি, দ্রুতই এর সমাধান হবে।’