নারায়ণগঞ্জে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ‘গালপোড়া রঞ্জু’ গ্রেপ্তার
নারায়ণগঞ্জে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মনিরুল ইসলাম রঞ্জু ওরফে গালপোড়া রঞ্জুকে (৪৪) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান এসআরবি-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মুহিত কবীর।
গ্রেপ্তার রঞ্জু নগরীর আল্লামা ইকবাল রোডের বাসিন্দা কবির হোসেনের ছেলে।
গত ২৪ আগস্ট সিএনজিচালিত অটোরিকশাচালক মো. জামাল (৪০) হত্যা মামলার রায়ে রঞ্জুকে মৃত্যুদণ্ড দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।
২০১১ সালের ১৩ জুলাই নিখোঁজ হন চাঁদপুরের মতলবের মো. জামাল। তিনি পরিবার নিয়ে ফতুল্লার পাগলার নয়ামাটি এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন।
নিখোঁজের পাঁচ দিন পর ১৮ জুলাই শহরের আমলাপাড়া এলাকার একটি বাড়ির পরিত্যক্ত টয়লেটের পাশ থেকে জামালের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হত্যা মামলা করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মুহিত বলেন, ‘রায়ের পর পলাতক আসামি রঞ্জুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সদর মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’