নাসীরুদ্দীন পাটওয়ারীর নির্বাচনী ক্যাম্পে হামলার অভিযোগ
ঢাকা-৮ আসনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর নির্বাচনী ক্যাম্পে হামলার অভিযোগ উঠেছে।
আজ সোমবার দুপুর ১টার দিকে পরীবাগ মসজিদ-সংলগ্ন ২১ নম্বর ওয়ার্ডের ক্যাম্পে এ ঘটনা ঘটে। এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহাবুব আলম।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কয়েকজন দুর্বৃত্ত ধারালো দেশীয় অস্ত্র দিয়ে নির্বাচনী ক্যাম্পে হামলা চালায়। সে সময় জামায়াতে ইসলামী ও জোটের কর্মীরা প্রতিরোধ করলে তারা পালিয়ে যায়।
এতে আরও বলা হয়, হামলায় জামায়াতের চারজন কর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত সুমনকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে নাসীরুদ্দীন পাটওয়ারী দ্য ডেইলি স্টারকে বলেন, এই হামলার কয়েক দিন আগে মির্জা আব্বাসের কর্মীরা, বিশেষ করে তার কর্মী নয়ন, আমার কর্মীদের কাছে আমার বাড়ির ঠিকানা জানতে চেয়েছিলেন। আমি সন্দেহ করছি, এই ঘটনার পেছনে মির্জা আব্বাসের লোকজন জড়িত।
তিনি আরও বলেন, এই ঘটনায় আমি মামলা করব।
অভিযোগের বিষয়ে ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস
ডেইলি স্টারকে বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না। নাসীরুদ্দীন পাটওয়ারীর সম্পর্কে আমি কোনো মন্তব্য করতে চাই না।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, দুপুরে আমরা ঘটনাস্থলে গিয়ে কিছুই দেখতে পাইনি। নির্বাচনী কর্মী ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জেনেছি, কয়েকজন এসে হুমকি দিয়ে চলে গেছে। কোনো হামলা বা ভাঙচুরের ঘটনা ঘটেনি।