রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দিলো বিএনপি

স্টার অনলাইন রিপোর্ট

রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি।

আজ বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে (ইসি) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের কাছে এই মনোনয়নপত্র জমা দেয় বিএনপির একটি প্রতিনিধিদল। সিইসি এই রাষ্ট্রপতি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সিইসি এ এম এম নাসির উদ্দীনের কাছে মনোনয়নপত্র জমা দেয় বিএনপির প্রতিনিধিদল। ছবি: স্টার

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই মনোনয়নপত্রে প্রস্তাবকারী হিসেবে সই করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। আর সমর্থনকারী হিসেবে সই করেছেন স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

আজ দুপুর সাড়ে ১২টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে বিএনপির উচ্চপর্যায়ের একটি বৈঠক হয়। ওই বৈঠকের শুরুতেই দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দলের রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে ঘোষণা করেন। এরপর বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা মির্জা ফখরুলকে অভিনন্দন জানান।