ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতির ছোট ভাইসহ ৫ প্রার্থী

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও-১ (সদর–রুহিয়া–ভূল্লী) আসনের উপনির্বাচনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সল আমীনসহ পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আজ বুধবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল। আগামীকাল বৃহস্পতিবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গত ৪ অক্টোবর জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।’

এরপরই বিএনপির প্রার্থী হিসেবে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সল আমীনকে দল থেকে মনোনীত করা হয়।

এ আসনে প্রতিদ্বন্দ্বী বাকি চার প্রার্থী হলেন, ১১ দলীয় ঐক্যের প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের খাদেমুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আব্দুল আলীম নিজামী এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।

প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করতে পারবেন প্রার্থীরা। প্রচারণা চলবে ২৭ অক্টোবর সকাল পর্যন্ত। ভোটগ্রহণ হবে ২৯ অক্টোবর।

ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে শপথ নিলে আসনটি শূন্য ঘোষণা করা হয়।

এরপর গত ১০ সেপ্টেম্বর এ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।